কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও চলমান সংকট নিরসনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে ১২ দফা প্রস্তাবনা পেশ করেছে ‘সচেতন আলেম সমাজ’।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় অনুষ্ঠিত এক সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা এ প্রস্তাবনা তুলে দেন।
এ সময় সচেতন আলেম সমাজের পক্ষে উপস্থিত ছিলেন মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মহিউদ্দীন ফারুকী, জামেয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ, সিলেটের মুহতামিম মাওলানা রুহুল আমীন সাদী, আল-জামিয়া মদিনাতুল উলুম, হাজারীবাগের মুহাদ্দিস মুফতি আবু মুহাম্মদ রাহমানী, জামিয়াতুল মানহাল, উত্তরার মুহাদ্দিস মুফতি আদনান মাসউদ, জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাতসহ অন্যান্য আলেম ও প্রতিনিধিরা।
প্রস্তাবনায় কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থায় সুশাসন, জবাবদিহিতা, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, শিশু সুরক্ষা এবং আধুনিকায়নের লক্ষ্যে ১২টি সুপারিশ তুলে ধরা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—কেন্দ্রীয় শিক্ষক নিবন্ধন ও তথ্যভান্ডার গঠন, শিক্ষক নিয়োগে নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন, অপরাধে জড়িত শিক্ষকদের জন্য ব্ল্যাকলিস্ট তৈরি, মাদরাসা নিবন্ধন ও নবায়ন ব্যবস্থা চালু, নিয়মিত পরিদর্শন জোরদার, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং গবেষণা ও নীতিনির্ধারণে সহায়ক কেন্দ্র প্রতিষ্ঠা।
এছাড়া শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন, অভিযোগ নিষ্পত্তির জন্য মনিটরিং সেল গঠন, মিথ্যা অভিযোগের শিকারদের আইনি সহায়তা, ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু এবং মহিলা ও হিফজ মাদরাসার জন্য পৃথক নীতিমালা প্রণয়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন ও জবাবদিহিতা নিশ্চিত হবে।