২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

বিজিবিকে সীমান্তে সতর্কতা জোরদারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবিকে সীমান্তে সতর্কতা জোরদারের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ মানবপাচার প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

সোমবার বেলা ১১টায় পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পাশাপাশি যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালনের ওপর জোর দেন। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ব্যবহার বাড়ানো, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন এবং দুর্যোগে মানবিক ভূমিকা রাখারও নির্দেশনা দেন তিনি।

বিজিবি সদর দফতরে পৌঁছালে একটি সুসজ্জিত দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বাহিনীর অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।

এরপর পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদবির সদস্য ও অসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত ইউনিট ভার্চুয়ালি যুক্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিজিবি সদস্যরা ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে তিনি সদর দফতরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Home R3