২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনের ইব্রাহিম মসজিদে আজান নিষিদ্ধ করল ইসরাইল

দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে টানা পঞ্চম দিনের মতো আজান বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে মসজিদের পরিচালক শায়খ মুতাজ আবু স্নেইনেহ এবং খাদেমদের প্রধান হাম্মাম আবু মুরখিয়াকে ১২ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ফিলিস্তিনি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, মসজিদে নামাজ আদায় চললেও আজান দেওয়া হচ্ছে না। আজান প্রচারের কক্ষটি মসজিদের এমন একটি অংশে অবস্থিত, যা ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দায়িত্বপ্রাপ্ত মুয়াজ্জিনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৯৯৪ সালে এক আমেরিকান-ইসরাইলি বসতি স্থাপনকারী ইব্রাহিমি মসজিদে হামলা চালিয়ে ২৯ জন ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করে। ওই ঘটনার পর মসজিদটি ভাগ করে দেওয়া হয়—প্রায় ৬০ শতাংশ অংশ ইহুদি উপাসকদের জন্য এবং বাকি অংশ মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়।

ফিলিস্তিনিদের অভিযোগ, এরপর থেকে ধীরে ধীরে এই পবিত্র স্থানের ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছে। মুসলমান ও ইহুদিদের পাশাপাশি খ্রিস্টানদের কাছেও স্থানটি হযরত ইবরাহিম (আ.)-এর সমাধিস্থল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে ২০২৩ সালের অক্টোবরে গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মসজিদে মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ, ইমাম ও কর্মীদের বহিষ্কার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিবর্তনসহ নানা পদক্ষেপ জোরদার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ইব্রাহিমি মসজিদ পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনে অবস্থিত, যা ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত।

সূত্র: মিডল ইস্ট আই

Home R3