১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগে অসম্মত মন্ত্রিপরিষদ: সংসদে শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগে অসম্মত মন্ত্রিপরিষদ: সংসদে শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবে মন্ত্রিপরিষদ অসম্মতি জানিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে প্রশ্ন তোলেন জামায়াতের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম। তিনি জানতে চান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ সংগীত বিষয়ের সহকারী শিক্ষক পদ সৃষ্টির বর্তমান অবস্থা কী।

লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

তবে পরবর্তীতে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল না করলে আন্দোলনের হুমকিও দেওয়া হয়।

এর প্রেক্ষিতে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার বিধিমালা সংশোধন করে। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের বিধান রাখা হয় এবং সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করা হয়।

এ বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী।

Home R3