৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের ভিসা বাতিল ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দিল আবুধাবি দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ছুটিতে বা অন্য কারণে আমিরাতের বাইরে থাকা অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে। এতে রেসিডেন্স ভিসাধারী প্রবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।

দূতাবাস জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে। এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি বিশেষ কোনো কারণে ঘটছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছে বলে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিত বিষয়টি পর্যবেক্ষণ করছে। সঠিক তথ্য পাওয়া গেলে তা প্রবাসীদের জানানো হবে বলেও আশ্বস্ত করেছে দূতাবাস।

প্রবাসীদের সতর্ক করে দূতাবাস আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি লোগো ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব তথ্য থেকে দূরে থাকার এবং শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এ বিষয়ে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (আইসিপি/জিডিআরএফএ) ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বাতিল হওয়া ভিসা পুনরায় সচল হওয়ার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাজে ফেরার বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

Home R3