পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে বাংলাদেশ ঠিকমতো পানি পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ত্রাণমন্ত্রী বলেন, দেশের নিরাপদ পানির প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে এবং নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী একটি দেশের পানি ব্যবস্থাপনায় বৈষম্যের কারণে সংকট আরও গভীর হচ্ছে। এই সংকট মোকাবিলায় খাল খননের গুরুত্ব অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জলসংকট মোকাবিলা এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে খাল পুনঃখনন অত্যন্ত প্রয়োজনীয়। পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে জাতীয় অর্থনীতিও মজবুত হবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়েছিল।
ত্রাণমন্ত্রী আরও জানান, খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে এবার বৃক্ষরোপণ যুক্ত করা হয়েছে। খালে পানি সংরক্ষণ, বর্ষায় দ্রুত নিষ্কাশন নিশ্চিত করা এবং খালের পাড়ে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যা সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।