২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান ছেড়ে নিজ দেশে ফিরেছেন ২৪ লাখের বেশি আফগান শরণার্থী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ২৪ লাখের বেশি আফগান শরণার্থী নিজ দেশে ফিরে গেছেন।

শুক্রবার (১৯ জুন) বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে ইসলামাবাদ থেকে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ধাপে ধাপে, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের জুন পর্যন্ত এই বিপুল সংখ্যক আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

শাহবাজ শরিফ আরও বলেন, ১৯৭৯ সালের পর দীর্ঘ সংঘাত ও নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে লাখো আফগান পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও পাকিস্তান চার দশকেরও বেশি সময় ধরে তাদের আশ্রয় দিয়েছে এবং শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক সেবা নিশ্চিত করেছে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী আশ্রয়দানকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করছে। তবে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে দেশটির ওপর অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের সুরক্ষা ও নিরাপদ প্রত্যাবাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: আরিয়ানা নিউজ

Home R3