স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী মেয়েদের পাচারকারী একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে তাদের পাচার এবং যৌন শোষণের অভিযোগ রয়েছে।
স্পেনের সিভিল গার্ড জানায়, এক অভিবাসী কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে আরও কয়েকটি একই ধরনের ঘটনা সামনে আসে।
অভিযানে দুই সম্ভাব্য ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পাচারের আগে আরও চার কিশোরীকেও রক্ষা করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীরা মূলত সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ইউরোপে কাজের আশায় তারা ক্যানারি দ্বীপপুঞ্জ ছাড়তে চেয়েছিল।
চক্রটি তাদের ভুয়া পাসপোর্ট ও পরিচয়পত্র সরবরাহ করত। এসব কাগজ ব্যবহার করে কয়েকজনকে স্পেনের বিভিন্ন শহরে নেওয়া হয়।
অভিযানে নগদ অর্থ, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। তদন্ত আরও চলবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সেউতায় অভিভাবকহীন অভিবাসী শিশুদের নিয়েও উদ্বেগ বাড়ছে। স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগো ৭ আগস্ট জানান, সেখানে ১ হাজার ৩৪২ জন অভিভাবকহীন শিশুকে নথিবদ্ধ করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, পর্যাপ্ত আশ্রয় ও সামাজিক সেবা না থাকায় এসব শিশু পাচার ও যৌন শোষণের ঝুঁকিতে রয়েছে।