ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পর্তুগাল সফরকে কেন্দ্র করে কট্টর ডানপন্থী সেগা দল রাজধানী লিসবনে বিক্ষোভের ডাক দিয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলেম প্রাসাদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলের নেতা আন্দ্রে ভেনতুরা এবং সংসদীয় দলের সদস্যদের অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়েছে।
সেগা দল এই কর্মসূচিকে “ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সফরের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে” একটি প্রতিবাদ হিসেবে উপস্থাপন করেছে।
দলের ভাষ্য অনুযায়ী, “পর্তুগালকে রক্ষা করার এটাই মুহূর্ত” এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মান দেখানো উচিত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দলটি সরব অবস্থান নিয়েছে। সেগা লুলার সঙ্গে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী জোযে সক্রাতেসের একটি ছবি শেয়ার করে “চোরের জায়গা কারাগারে” বলে মন্তব্য করেছে। দলটির বক্তব্য, প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কেউই এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার সাহস দেখাচ্ছেন না।
স্পেন ও জার্মানি সফর শেষে লুলা মঙ্গলবার সকালে লিসবনে পৌঁছাবেন। পরে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রুর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা এবং এর পর পর্তুগিজ রাষ্ট্রপতি আন্তোনিও জোযে সেগুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত।
পর্তুগালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপস্থিতি এ নিয়ে দ্বিতীয়বার সেগার ক্ষোভের কারণ হলো। দুই বছর আগে ২৫ এপ্রিল উদযাপনের সময়ও তাঁর ভাষণের বিরুদ্ধে দলের সদস্যরা প্রতিবাদ করেছিলেন, আর সে সময় সংসদের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।