১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে আগস্টেই ২৮ হাজারের বেশি পরিবার পাবে নতুন আবাসন

পর্তুগাল তার রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যান (PRR)-এর আওতায় নির্ধারিত আবাসন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। সরকার জানিয়েছে, চলতি আগস্টের শেষ নাগাদ দেশটিতে ২৮ হাজারের বেশি আবাসন সুবিধা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে “আবাসনের মৌলিক অধিকার” কর্মসূচির মাধ্যমে ২৬ হাজার পরিবারকে আবাসন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আবাসন সংকটে থাকা মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা।

অবকাঠামো ও আবাসন মন্ত্রণালয় এবং অর্থনীতি ও আঞ্চলিক সংহতি মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আরও প্রায় ১২ হাজার আবাসন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এগুলো ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ফলে বছরের শেষ নাগাদ মোট প্রায় ৪০ হাজার আবাসন সুবিধা সম্পন্ন হতে পারে।

সরকার স্পষ্ট করেছে, ২৮ হাজার আবাসনের সংখ্যা শুধু নতুন করে নির্মিত সরকারি বাড়িকে বোঝায় না। “আবাসনের মৌলিক অধিকার” কর্মসূচির আওতায় সহায়তা পাওয়া বিভিন্ন ধরনের আবাসন ব্যবস্থাকেই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের মতে, ‘হাউজিং অ্যাক্সেস সাপোর্ট প্রোগ্রাম’ আবাসন প্রজেক্টের আওতায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়েছে। এর মধ্যে পৌরসভাগুলোর সঙ্গে চুক্তি এবং “আবাসনের মৌলিক অধিকার” কর্মসূচির যেসব প্রকল্প সবচেয়ে এগিয়ে ছিল, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ কাজে কেন্দ্রীয় সরকার, আবাসনবিষয়ক প্রতিষ্ঠান আবাসন ও নগর পুনর্বাসন ইনস্টিটিউট (IHRU) এবং স্থানীয় কাউন্সিলগুলোর সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে “আবাসনের মৌলিক অধিকার” কর্মসূচির জন্য অর্থায়নও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ইউরোপীয় পুনরুদ্ধার তহবিলের ১.৪ বিলিয়ন ইউরো অর্থায়নের পাশাপাশি রাষ্ট্রীয় বাজেট থেকে আরও ২.৮ বিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। সরকার বলছে, শুধু ইউরোপীয় তহবিল দিয়ে সব পরিকল্পিত প্রকল্প শেষ করা সম্ভব হচ্ছিল না।

অর্থনীতি ও আঞ্চলিক সংহতিমন্ত্রী কাস্ত্রো আলমেইদা বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের উত্তর থেকে দক্ষিণ এবং উপকূল থেকে অভ্যন্তরীণ অঞ্চল পর্যন্ত ২৮ হাজারের বেশি আবাসন পর্তুগিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অবকাঠামো ও আবাসনমন্ত্রী মিগেল পিন্তু লুজ বলেন, সরকার সরকারি আবাসন নীতিকে আরও শক্তিশালী করছে এবং দেশে আবাসনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

সরকারের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সরকারি আবাসন খাতে প্রায় ৯ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। এর মধ্যে প্রায় ১২ হাজার বাড়ি সাশ্রয়ী ভাড়ার আবাসন হিসেবে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পৌরসভাগুলোর স্থানীয় আবাসন কৌশল বাস্তবায়নও অব্যাহত থাকবে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এসব কৌশলের আওতায় পুরো পর্তুগালে প্রায় ১ লাখ ৩৩ হাজার আবাসনের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে।

সূত্র : দ্য রেসিডেন্ট

Home R3