১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে অভিবাসন জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৫

পর্তুগালে অভিবাসন বৈধ করার নামে সংঘবদ্ধ জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির জুডিশিয়াল পুলিশ (PJ)। ‘অপারেশন আটলান্টিক মিস্ট’ নামে এই অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দেশটির কান্তানহেদে, পোম্বাল, আলকোবাসা ও পোর্তো এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে তিনজন ব্যবসায়ী এবং একটি আঞ্চলিক কর অফিসের প্রধান রয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসনে সহায়তা, জাল কাগজপত্র তৈরি, অর্থপাচার এবং দুর্নীতির মাধ্যমে বসবাসের অনুমতি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

তদন্তে জানা গেছে, এই চক্রটি কয়েক বছর ধরে হাজারো বিদেশি নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে পর্তুগালে বসবাসের অনুমতি পাইয়ে দিচ্ছিল। অনেক ক্ষেত্রে আবেদনকারীরা পর্তুগালে না থেকেও কাগজে-কলমে তাদের সেখানে কাজ করা এবং কর দেওয়া দেখানো হতো।

অভিযানে বিপুল পরিমাণ নথি, কম্পিউটার সরঞ্জাম, তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৫০ হাজার ইউরো জব্দ করা হয়েছে।

এই অভিযানে প্রায় ৯০ জন পুলিশ ও বিশেষজ্ঞ অংশ নেন। গ্রেপ্তারদের শিগগিরই আদালতে হাজির করা হবে।

পর্তুগালে অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে এটি সাম্প্রতিক সময়ের বড় অভিযানের একটি বলে মনে করা হচ্ছে।

সূত্র: SIC Notícias

Home R3