টাঙ্গাইল-এর গোপালপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেছেন।
রোববার (৩ মে) উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হলেন হাফেজ রেজাউল হান্নান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। তবে তার আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, শিশুটি ও তার পরিবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তারা অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।