তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ও তার নীতিমালা শুধু ইসরাইলের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ফিদান বলেন, নেতানিয়াহু সরকারের নীতিগুলো ইসরাইল, অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বোঝা ও ঝুঁকি সৃষ্টি করছে। তবে তুরস্ক ও ইসরাইলের মধ্যে উত্তেজনা থাকলেও তা প্রকাশ্য সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে শান্তিপূর্ণ ও প্রজ্ঞাবান নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক কোনো ধরনের উসকানিতে জড়াবে না।
ইউরোপীয় দেশগুলোর অবস্থান প্রসঙ্গে ফিদান বলেন, তারা ইসরাইল সংশ্লিষ্ট ঝুঁকি উপলব্ধি করতে শুরু করলেও এখনো কার্যকর সমাধান খুঁজে পায়নি। তিনি সতর্ক করেন, সিরিয়ার চলমান পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
গাজ্জা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে আন্তর্জাতিক মনোযোগ সরে গেছে। ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।
আঞ্চলিক সংঘাত নিরসনে তুরস্কের ভূমিকার কথা তুলে ধরে ফিদান বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতার কারণে তুরস্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
তিনি আরও বলেন, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, দেশটি দীর্ঘদিন ধরে প্রতিরোধমূলক নিরাপত্তানীতির অংশ হিসেবে আঞ্চলিক মিত্রগোষ্ঠী ব্যবহার করে আসছে। তবে একটি ভারসাম্যপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি হলে আঞ্চলিক স্থিতিশীলতার পথে অগ্রগতি হবে।
সূত্র: আনাদোলু