২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য এবং ‘ভোরের পাতা’ পত্রিকার সম্পাদক হিসেবেও পরিচিত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আদালতে দাখিল করা আবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক) উল্লেখ করে, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে কমিশনের কাছে তথ্য আসে যে, সংশ্লিষ্ট ব্যক্তি আইনগত প্রক্রিয়া এড়াতে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

দুদক আরও জানায়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা অত্যন্ত জরুরি। এসব যুক্তি বিবেচনায় নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।