২০২৬ সালের সংসদীয় নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইজাবস বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তবে ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যা আশাব্যঞ্জক নয়—এতে তারা হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালিত হয়েছে। নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যভাবে কাজ করতে সক্ষম হয়েছে।