সরকার নির্ধারিত বাসভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত সাত দিনে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অনেক পরিবহন মালিক যাত্রী আকৃষ্ট করতে নির্ধারিত ভাড়ার চেয়েও কম নিচ্ছেন। কেউ কেউ ১০০ টাকা বা তার কম কমিয়ে ভাড়া নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
টার্মিনালের বাইরে বাস পার্কিং নিয়ে তিনি বলেন, যাত্রী ও বাসের সংখ্যা বেশি হওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে পর্যায়ক্রমে বাস প্রবেশ ও ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
শেখ রবিউল আলম বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। এ জন্য মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম কাজ করছে এবং যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং তেলের দাম বাড়ছে না। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি-এর মহাসচিব সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা।