২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় দায়িত্ব: এরদোগান

বিশ্বব্যাপী নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বিশ্ব মানবিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি একে একটি ধর্মীয় দায়িত্ব হিসেবে অভিহিত করেন।

প্রেসিডেন্ট এরদোগান তাঁর বার্তায় বলেন, “নিপীড়িত, এতিম, অসহায় ও অভাবগ্রস্তদের সাহায্য করা এবং যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তাদের পাশে থাকা আমাদের ধর্মের নির্দেশ।”

এ সময় তিনি ফিলিস্তিনের গাজ্জাসহ বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরদোগান বলেন, “যেখানেই কোনো অভাবগ্রস্ত মানুষ থাকবে, তুরস্ক সেখানে তার মমতার হাত বাড়িয়ে দিতে থাকবে। বিশেষ করে গাজ্জাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অভাবগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াব এবং নিপীড়িত ও ক্ষতিগ্রস্তদের জন্য আশার উৎস হয়ে থাকব।”

মানবিক সহায়তা প্রদানে তুরস্কের গৌরবোজ্জ্বল অবস্থানের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই দৃষ্টিভঙ্গির ভিত্তি দেশটির ইতিহাস ও দীর্ঘদিনের সভ্যতাগত মূল্যবোধ। তিনি গর্বের সাথে বলেন, “জাতীয় আয়ের অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি মানবিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবেও আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি।”

বিশ্বের বর্তমান ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা তুলে ধরে এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, বর্তমানে ৩০ কোটিরও বেশি মানুষ মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত এবং চরম দুর্দশার মধ্যে বেঁচে থাকার সংগ্রাম করছেন। এই বাস্তবতাকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেন।

সূত্র: আনাদোলু

Home R3