১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজের ৭ দিন পর শিশুর টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি বস্তার ভেতরে টুকরো টুকরো অবস্থায় ছিল বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে শ্রীপুর বাজারে গিয়ে বাড়ি ফেরার পর কলি নিখোঁজ হয়। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার স্যান্ডেল পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শিশুটির সন্ধান দাবিতে পাবনা শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা। এর পরদিন বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Home R3