নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক সংস্থা রিউমার স্ক্যানার।
সম্প্রতি একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, যেখানে যমুনা টিভি-র ডিজাইন ব্যবহার করে দাবি করা হয়, “না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান”।
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংবাদমাধ্যমটির আদলে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভ্রান্তিকর এই তথ্য ছড়ানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করা হয়। কোথাও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনের সঙ্গে যমুনা টিভির প্রকৃত ফটোকার্ডের অসামঞ্জস্যও লক্ষ্য করা গেছে, যা এটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করতে সহায়তা করে।
পাশাপাশি দেশের অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্র থেকেও শামীম ওসমানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে ফ্যাক্টচেকাররা নিশ্চিত করেছে, শামীম ওসমানের মৃত্যুর দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।