২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় জামায়াত

আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২০ মে) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। সমাবেশটি আয়োজন করা হয় শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। শিশু রামিসার হত্যাকাণ্ড জাতির জন্য লজ্জাজনক। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান, পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীরা সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দেন।

Home R3