৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী

দেশে কোচিং সেন্টার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের শতভাগ কোচিং সেন্টার বন্ধ করা হবে এবং অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,  এ দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। কোচিং সেন্টার এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এবং পাঠদানের কার্যক্রম পর্যবেক্ষণে সিসিটিভি ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

পরীক্ষায় নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমে নকল পাওয়া গেলেও প্রতিষ্ঠানপ্রধানকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রের বাইরে থেকে কেউ নকলে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতাও বরদাশত করা হবে না—জোর দিয়ে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমদ, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।