দেশের ১৫ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আজ বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
শনিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিবর্তনশীল এই আবহাওয়ার কারণে জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।