২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে বসিয়ে রাখার ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি ভারত।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো গাফিলতির অভিযোগ অস্বীকার করেন।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, গত সপ্তাহে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের এক কর্মকর্তা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর বৈঠকে অংশ নিতে দিল্লি সফর করেন। তবে তাকে সার্ক ভিসা নিয়ে আসার বিষয়টি জানানো হয়, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী—এ প্রশ্নের জবাবেই মুখপাত্র তার প্রতিক্রিয়া জানান।

রণধীর জয়সওয়াল বলেন, জাহেদ উর রহমান গত ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে আসেন। তিনি আইওআরএ-এর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে এসেছিলেন। বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ তার সফরের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং তা নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে পরবর্তীতে তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উঁচু রামের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিয়েও মন্তব্য করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশে কিছু ধর্মীয় স্থাপনা ঘিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে, যার ফলে সেখানে প্রতিবাদ হয়েছে। এ প্রেক্ষিতে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকার চরমপন্থি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এই ঘটনায় কূটনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে।

Home R3