২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তেলের সংকট কাটাতে লাতিন আমেরিকা ও আফ্রিকার দিকে ঝুঁকল ভারত

ইরান সংকটের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ধাক্কা খেয়েছে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা। এই অচলাবস্থার কারণে বাধ্য হয়ে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে লাতিন আমেরিকা এবং আফ্রিকার দিকে ঝুঁকছে ভারতীয় তেল শোধনাগারগুলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, অ্যানালিটিক্স ফার্ম ‘কেপলার’-এর প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছে— মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সৃষ্ট তেলের ঘাটতি মেটাতে ভারত ব্যাপক কৌশলগত পরিবর্তন এনেছে। গত এপ্রিল ও মে মাসে ভারতীয় শোধনাগারগুলো ভেনিজুয়েলা, ব্রাজিল, অ্যাঙ্গোলা এবং নাইজেরিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। একই সাথে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দিল্লি।

অথচ এই সংকটের আগে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে, ভারতীয় শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সিংহভাগই আমদানি করত নিকটবর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। দূরত্বের কারণে ওই দেশগুলো থেকে তেল আনা ছিল যেমন সাশ্রয়ী, তেমনই সহজ।

কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের রুটটি এখন সম্পূর্ণ অবরুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এই অচলাবস্থার কারণে ভারতের মতো বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশকে বাধ্য হয়েই দূরবর্তী লাতিন আমেরিকা ও আফ্রিকার বিকল্প বাজারে পা বাড়াতে হচ্ছে, যা বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের মানচিত্রকে নতুন করে বদলে দিচ্ছে।