১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

ঢাকায় আনা হবে পর্তুগাল ও সার্বিয়াসহ ইউরোপের একাধিক দেশের ভিসা সেন্টার

ঢাকায় আনা হবে পর্তুগাল ও সার্বিয়াসহ ইউরোপের একাধিক দেশের ভিসা সেন্টার

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ানো বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ জুলাই ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করা, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশজুড়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’ স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা স্থানীয় পর্যায়ে চাকরির তথ্য ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এসব কেন্দ্র চালু হলে অভ্যন্তরীণ শ্রমবাজার ব্যবস্থাপনা আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।

আন্তর্জাতিক শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া, মরিশাস ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে সেখানে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিকল্প শ্রমবাজার হিসেবে মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে কর্মসংস্থান সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তির খসড়া ইতোমধ্যে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশে জনশক্তি রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, গত ১৮ মে ঢাকায় অনুষ্ঠিত কাতার-বাংলাদেশ যৌথ কমিটির বৈঠকে কাতার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

Home R3