১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন আটকে পড়া বাংলাদেশিরা

সৌদি আরবে ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে তাদের কোনো ধরনের জরিমানা বা আইনি জটিলতার মুখোমুখি হতে হবে না।

বুধবার (২৫ মার্চ) দূতাবাস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে কোনো জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।

দূতাবাস জানায়, এই সুবিধা গ্রহণের জন্য প্রবাসীদের সরাসরি বিমানবন্দরে গিয়ে বৈধ টিকিট প্রদর্শনের মাধ্যমে দেশ ত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানো বা অতিরিক্ত কোনো ফি পরিশোধের প্রয়োজন হবে না।

তবে নির্ধারিত সময়সীমার (১৮ এপ্রিল) মধ্যে দেশ ত্যাগ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। সেক্ষেত্রে জরিমানা, আইনি জটিলতা এমনকি ভবিষ্যতে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

এ পরিস্থিতিতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের দ্রুত বিমান টিকিট সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগের আহ্বান জানিয়েছে দূতাবাস।

Home R3