রাজধানীর ইডেন মহিলা কলেজ-এ ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেয়া ছাত্রীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’—এমন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ বাক্যটি রঙ দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে মূল ফটকের সামনে জড়ো হন। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে।
বিক্ষোভ চলাকালে কয়েকজন শিক্ষার্থী কলেজের কয়েকটি গেটের তালা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে মূল ফটকের তালা ভেঙে তারা বাইরে বের হন। এ সময় কলেজের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে আগুন দেয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ব্যানারটিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইডেন কলেজ শাখার এক নেত্রীর নাম ছিল বলে জানা গেছে।
জানা যায়, হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা পরে কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রমের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
রাত গভীর পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বিক্ষোভের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাছির উদ্দীন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক মতপ্রকাশ একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। পাশাপাশি অতীতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ‘মব’ তৈরির ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।