২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চীন থেকে আফগানিস্তানে সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

চীন থেকে ইরান হয়ে আফগানিস্তানে প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন এই রেলসেবা আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার ইরানের সংবাদ সংস্থা ইলনা এ তথ্য জানায়।

ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, এবারই প্রথম কোনো পণ্যবাহী ট্রেন চীন থেকে সরাসরি আফগানিস্তানে পৌঁছেছে, যেখানে পথে কোথাও পণ্য নামানো বা পুনরায় বোঝাই করতে হয়নি।

তিনি বলেন, প্রায় ৫০০ টন এমডিএফ বোর্ড বেইজিং থেকে ট্রেনে পাঠানো হয়। ট্রেনটি তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের রেল নেটওয়ার্কে প্রবেশ করে এবং পরে খাফ-হেরাত রেলপথ হয়ে আফগানিস্তানের হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছায়।

রেজায়ি আরও জানান, এই নতুন রেলপথ চালুর ফলে আগের তুলনায় পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে খাফ-হেরাত রেল করিডোর এখন বাণিজ্যিক ও ট্রানজিট কার্যক্রমের নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

সংশ্লিষ্টদের মতে, এই রুট সম্প্রসারণ করা হলে চীন, মধ্য এশিয়া, ইরান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং পণ্য পরিবহন ব্যবস্থাও আরও কার্যকর হবে।

Home R3