৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাপ-হুমকির পর সুর নরম ট্রাম্পের: দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের চাপ, হুমকি ও সামরিক আগ্রাসনের মধ্যেও মধ্যেও ইরান তার অবস্থানে অনড় থাকায় পরিস্থিতিতে নতুন মোড় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে তিনি রাজি হয়েছেন।

মঙ্গলবার ((৮ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে ও নিরাপদে খুলে দেওয়ার শর্ত জুড়ে দেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব এসেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। এর আগে একই দিনে তিনি সমঝোতা না হলে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে বুধবার (৮ এপ্রিল) পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানায়। শাহবাজ শরিফ বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে। ইসলামাবাদ একই সময়ের জন্য ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে ইরান এখনো নিজ অবস্থানে অটল রয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, স্থায়ী শান্তি আলোচনায় যেতে হলে যুক্তরাষ্ট্রকে আগে সব ধরনের হামলা বন্ধ করতে হবে, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক বড় ধরনের হামলার আশঙ্কা কিছুটা কমলেও চূড়ান্ত সমঝোতা এখনো অনিশ্চিত রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : রয়টার্স