প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, চলতি আগস্ট মাসের শেষ দিকে প্রবাসীদের জন্য বহুল প্রতিক্ষিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এটিএম কার্ডের মতো সুবিধাসম্পন্ন এই কার্ড ব্যবহার করে প্রবাসীরা ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সরকারি সেবা গ্রহণেও বিশেষ সুবিধা পাবেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
নুরুল হক নুর বলেন, ‘প্রবাসী কার্ড’ চালু হলে প্রবাসীরা এটিএম কার্ডের মতো ব্যবহার করে ব্যাংকিং লেনদেনের সুবিধা পাবেন। পাশাপাশি দেশে ফিরে বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি সেবা গ্রহণেও কার্ডটি অত্যন্ত কার্যকর হবে। এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কার্ডধারী প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। ‘প্রবাসী কার্ড’ চালু হলে দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসীদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা গ্রহণ আরও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজুর সভাপতিত্বে সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।