৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গুমের সঙ্গে জড়িত অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত অপরাধীরা আইনের ফাঁক গলে বের হতে পারবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

রোববার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, গুমের শিকার ব্যক্তিরা দেশেরই নাগরিক—তাদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ আইন ও মানবাধিকার কমিশন আইন বর্তমানে যে অর্ডিন্যান্স আকারে রয়েছে, তা সরাসরি কার্যকর করলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর আওতায় ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’-এর মধ্যে গুমের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। অন্যদিকে প্রস্তাবিত গুম আইনে সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড রাখা হয়েছে।

আইনমন্ত্রী জানান, আইনগুলোর মধ্যে সাংঘর্ষিক দিক দূর করে সেগুলোকে যুগোপযোগী ও কার্যকর করতে অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিল আনা হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো এমন আইন প্রণয়ন করা, যাতে কোনো অপরাধীই ছাড় না পায় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পায়।