ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে কয়েকদিন ধরে জনসম্মুখে দেখা না যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-কে ঘিরে উদ্বেগ বাড়ছে। তার অনুপস্থিতিকে কেন্দ্র করে রাজধানী তেল আবিব-এ বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারিভবনের দিকে মিছিল করে প্রধানমন্ত্রীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি জানায়। বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, তিনি কোথায় আছেন এবং কেন জনসম্মুখে আসছেন না।
বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে জনসমক্ষে দেখা যাচ্ছেন না নেতানিয়াহু। চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে তার এই অনুপস্থিতি জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়ার অভ্যাস থাকা সত্ত্বেও তার এই অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও বর্তমান অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের দাবি, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।