ফাইল ছবি
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে শ্রমিকরা বারবার জীবন ও রক্ত দিয়েছেন। ১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এমনকি সাম্প্রতিক গণ-অভ্যুত্থানগুলোতেও শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের রক্তের ওপর ভর করে ক্ষমতায় আসা বিএনপি অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। নতুন সরকার গণভোটের রায় উপেক্ষা করে গণবিরোধী অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো আইনে পরিণত করা ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহির আওতায় আনতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় হতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকদের সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।