ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে আজ সোমবার দক্ষিণাঞ্চলের প্রচারণা শুরু হয় কুষ্টিয়া জেলায় জনসভার মধ্য দিয়ে। নির্বাচনী জনসভায় নিজেদের অবস্থান তুলে ধরেন দলটির আমির শফিকুর রহমান।
দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে ভালো কিছু সম্ভব নয় জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘উন্নয়নের নামে ৫৪ বছর কমবেশি যাঁরাই ক্ষমতায় গিয়েছেন, তারাঁ সবাই একই কাজ করেছেন। একেবারে তছনছ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না করলে ভালো কিছু সম্ভব নয়।’
নারীদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করব। বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস চালু করা হবে, যাতে নারীরা নিরাপদে চলাচল করতে পারেন।’
নির্বাচনী জনসভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির আমজা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।