১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

কাবুলে আফগান প্রতিরক্ষমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক; নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

কাবুলে আফগান প্রতিরক্ষমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক;  নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ ও চীনের রাষ্ট্রদূত ঝাও শিং-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তারা উভয়েই পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং বিশ্বাস তৈরির গুরুত্বের ওপর জোর দেন।

শুক্রবার (১০ এপ্রিল) আফগানিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের রাষ্ট্রদূত আফগানিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং উরুমকি আলোচনার বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেন। তিনি ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ বলেন, আঞ্চলিক নিরাপত্তা আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্যা সমাধানে সংলাপই সবচেয়ে ভালো উপায়।

তিনি আরও বলেন, ইমারাতে ইসলামিয়ার অবস্থান সহনশীলতা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করা তাদের বৈধ অধিকার ও জাতীয় দায়িত্ব।

সূত্র : আরিয়ানা নিউজ, হুররিয়াত রেডিও, আরটিএ, খামা প্রেস