২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঔষধশিল্পে বিদেশি নির্ভরতা কমাতে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে আফগানিস্তান

ঔষধ খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকার। এ লক্ষ্যে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল এবং বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে।

দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী বলেছেন, আফগানিস্তানকে ঔষধের ক্ষেত্রে আত্মনির্ভরশীল করতে দেশীয় উৎপাদন আরও শক্তিশালী করার চেষ্টা চলছে।

তিনি বলেন, দেশে বর্তমানে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তাই জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের ঔষধ খাতে বিনিয়োগে এগিয়ে আসা উচিত।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী আবু আলী সিনা আন্তর্জাতিক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঔষধ শিল্পের উন্নয়ন, উৎপাদনের মানোন্নয়ন এবং বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীর মাধ্যমে ঔষধশিল্প ও বেসরকারি হাসপাতালগুলোর সমস্যা, প্রস্তাব ও সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের খাদ্য ও ঔষধবিষয়ক উপমন্ত্রী মাওলানা হামদুল্লাহ জাহিদ প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং দেশীয় ঔষধ উৎপাদন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রদর্শনীর শেষে ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কয়েকটি বেসরকারি হাসপাতালের মধ্যে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

Home R3