১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এ বছর কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার : সচিব

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, এ বছর সরকার কৃষি খাতে ৩৯ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে। প্রকৃত উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের সহায়তা করাই সরকারের লক্ষ্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত “তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানটি “তারুণ্যের উৎসব ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

কৃষি সচিব বলেন, আলু চাষিদের সহায়তায় সরকার এবারই প্রথম কোল্ড স্টোরেজে মূল্য নির্ধারণ করে দিয়েছে। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কৃষক যদি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পান, তবে আমাদের সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের অপার সম্ভাবনাময় সম্পদ। এই সম্পদকে কাজে লাগাতে হবে। এ জন্য কৃষি মন্ত্রণালয় প্রথমবারের মতো ২৫ বছর মেয়াদি কর্মকৌশল প্রণয়ন করছে। এর লক্ষ্য ২০৫০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।

সেমিনারে বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম সভাপতিত্ব করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সদস্য পরিচালক এবং আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসি’র কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও এপিসিইউ-বিএআরসি পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (এইচআরডি) ড. মো. আব্দুস সালাম।

এ অনুষ্ঠানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কৃষি উদ্যোক্তা, উদ্ভাবক, শিক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বিএআরসি’র কর্মকর্তা, বিজ্ঞানী, এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন অংশ নেন।

Home R3