২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এরদোগানকে হত্যাচেষ্টায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে পলাতক এক সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতীয় পুলিশ ও প্রাদেশিক গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আফিওনকারাহিসার ও এসকিশেহির অঞ্চলে অভিযান চালিয়ে সাবেক সেনা ক্যাপ্টেন ও হেলিকপ্টার পাইলট বুরকায় কারাতেপেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে রেড নোটিশের আওতায় পলাতক ছিলেন।

অভিযোগ রয়েছে, ২০১৬ সালের ১৫ জুলাই মারমারিসে এরদোগানকে হত্যার উদ্দেশ্যে পাঠানো অভিযানে তিনি অংশ নেন। তুরস্ক সরকার তাকে নিষিদ্ধ ঘোষিত ফেতুল্লাহ গুলেনপন্থি সংগঠন ফেতো (FETÖ)-এর সদস্য বলে দাবি করেছে।

নিরাপত্তা সূত্র জানায়, শহরের একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি ছদ্মবেশ ধারণ ও ভুয়া পরিচয় ব্যবহার করতেন। মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নজরদারিতে রাখা হয় এবং বিদেশে পালানোর প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ, ভুয়া পরিচয়পত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।

২০১৬ সালের ওই অভ্যুত্থানচেষ্টায় প্রায় আড়াই শতাধিক মানুষ নিহত হন। এ ঘটনার জন্য তুরস্ক সরকার ফেতোকে দায়ী করে আসছে, যদিও সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3