ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যসহ (এমপি) জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় প্রতি শনিবার বাসাবাড়ি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এই রোগ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব।
তিনি জানান, এডিস মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই এসব রোগ প্রতিরোধে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে। এজন্য ড্রেন, ডোবা, নর্দমা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী সবাইকে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, বাসার ছাদ বা আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাসাবাড়ি পরিষ্কার করার পরামর্শ দেন।
তিনি বলেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূলনীতি হলো—“প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর”, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
তিনি সবাইকে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেন ময়লা পানি জমে থাকতে না পারে এবং এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে।