ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত “বনলতা এক্সপ্রেস”। ছবিটি দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানও বেশ প্রশংসা করেছেন।
প্রথম সপ্তাহে তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে সিনেমাটি। দর্শক আগ্রহে দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ শো নিয়ে প্রেক্ষাগৃহে চলছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পের সিনেমাটি।
নির্মাতা জানান, মুক্তির ১১ দিনে ৩ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘বনলতা এক্সপ্রেস’।
স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস ও কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’ এর গ্রস কালেকশন ৩ কোটি ৭ লাখ টাকা। এরমধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে গ্রস আয় ২ কোটি ৪৬ লাখ, ব্লকবাস্টার সিনেমাস থেকে ৪২ লাখ ৩৩ হাজার, লায়ন সিনেমাস থেকে ১২ লাখ ২৯ হাজার এবং কে স্ক্রিন থেকে আয় করেছে ৫ লাখ ৫৮ হাজার টাকা।
পরিচালক তানিম নূর বলেন, দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। যারা এই সিনেমা দেখতে আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২৮টি শো চলছে, এরমধ্যে আজকে বৃহস্পতিবার চলছে ৩৩টি শো। লায়ন সিনেমাসে ২টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শোতে চলছে ‘বনলতা এক্সপ্রেস’।
একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, ইন্তেখাব দিনার, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শ্যামল মওলাসহ আরও অনেকে।