২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

জাতীয় সংসদ অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের আচরণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাকে আসনে বসার নির্দেশ দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষ না হতেই ফ্লোর চাইতে দাঁড়িয়ে পড়েন হান্নান মাসুদ। এতে স্পিকার তাকে বসতে নির্দেশ দেন।

ডেপুটি স্পিকার বলেন, সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত নিয়ম রয়েছে, ইচ্ছেমতো দাঁড়িয়ে কথা বলা যায় না। তিনি হান্নান মাসুদকে উদ্দেশ করে বলেন, “আপনি বসুন, এটা জাতীয় সংসদ, শাহবাগ চত্বর নয়।”

বারবার নির্দেশ দেওয়ার পরও তিনি দাঁড়িয়ে থাকেন এবং কথা বলার সুযোগ চান। এক পর্যায়ে স্পিকার পুনরায় কঠোরভাবে তাকে আসনে বসার নির্দেশ দেন।

পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। পরে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য দেন।

সংসদে এ ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

Home R3