১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান সীমান্তের কাছে তৃষ্ণার্ত হয়ে অন্তত ১৭ আফগান অভিবাসীর মৃত্যু

ইরান-আফগানিস্তান সীমান্তের কাছে প্রত্যন্ত মরুভূমি এলাকায় তীব্র পানিশূন্যতায় অন্তত ১৭ আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়টি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের মানবাধিকার সংগঠন হালভাশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হালভাশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস ও কাবুল ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব ইরানের সারাভান কাউন্টির রৌতাক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকা পাকিস্তান সীমান্তের কাছাকাছি এবং আফগানিস্তানের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে। মরুভূমির শুষ্ক এলাকায় আটকে পড়া অভিবাসীদের কাছে পর্যাপ্ত পানীয় পানি ছিল না।

খামা প্রেস ও কাবুল ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর আফগানিস্তানের বাগলান প্রদেশের একই পরিবারের পাঁচ সদস্য ছিলেন। তাদের মধ্যে ছিলেন ৪৫ বছর বয়সী এক নারী ও তার চার মেয়ে। মেয়েদের বয়স ছিল ১৪, ১৬, ১৮ ও ২২ বছর।

ইরানের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্তকারী সংগঠন হালভাশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ বছরের কম বয়সী অন্তত ছয়টি শিশুও রয়েছে।

এর আগে গত জুলাইয়ে আফগানিস্তানের নিমরুজ প্রদেশে মরুভূমিতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আরও ১৪ জন নিখোঁজ ছিলেন। তারা অনিয়মিত সীমান্তপথে ইরানে যাওয়ার সময় মরুভূমিতে আটকা পড়েছিলেন বলে জানা যায়।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

Home R3