৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ নয়, ইরানের সাথে সমাধানের পথ খুঁজছে আমেরিকা

ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করে তা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ আরও তীব্র হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।

সম্প্রতি ইরানের বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক ব্যক্তিগত বৈঠকে ড্যান কেইন জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসার একটি কার্যকর পথ খুঁজে বের করতে হবে।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ আরও বিস্তৃত হলে তার সম্ভাব্য পরিণতি নিয়ে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে যাচ্ছেন। তবে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এই সংঘাতের কোনো সহজ সামরিক সমাধান নেই।

এদিকে, চলমান যুদ্ধ এবং ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতির কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি দাবি করেন, যুদ্ধ, শুল্কনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ চাকরি হারিয়েছেন।

ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের দাবি নিয়েও কটাক্ষ করেন শুমার। তিনি বলেন, ট্রাম্প কোন ভিত্তিতে বর্তমান অর্থনীতিকে ইতিহাসের সেরা বলছেন, তা বোঝা কঠিন।

Home R3