২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ: আটক ২৪

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার (২৬ জুন) প্রায় ১০০ জন বিক্ষোভকারী একটি সরকারি ভবনের সামনে জড়ো হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরকারের ‘ফ্রি মিলস’ কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিক্ষোভ চলাকালে কিছু অংশগ্রহণকারী পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং সড়কের মাঝে আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর জানান, মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের শনিবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান বলেন, বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হয়। তিনি জানান, এ ঘটনায় ডজনখানেক মানুষকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় ইন্দোনেশিয়া সরকার ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে। এর প্রতিবাদে চলতি মাসে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে রাজধানী জাকার্তায়ও হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরকারের ব্যয়বহুল ‘ফ্রি মিলস’ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

Home R3