ইতালি সরকারের নতুন পদক্ষেপে অবৈধ শ্রমিক নিয়োগ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে এখন বাড়তি জরিমানা গুনতে হবে, যা নির্ধারণ করা হয়েছে ৩,৬৩৭.৮৭ ইউরো। এই অর্থ মূলত অবৈধ কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর খরচ পূরণে ব্যবহার করা হবে।
ইতালি পুলিশ প্রধানের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর প্রত্যাবাসন খরচ বাবদ জরিমানা ছিল ২,৮৬৪ ইউরো, যা নতুন নিয়মে প্রায় ৭৭০ ইউরো বৃদ্ধি পেয়েছে। আইনটি ২০ জানুয়ারি ইতালির অফিসিয়াল গেজেটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।
ইমিগ্রেশন আইন অনুযায়ী, অবৈধ কর্মী নিয়োগ শুধু আর্থিক অপরাধ নয়, এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য হয়। এজন্য মালিককে ৬ মাস থেকে ৩ বছরের কারাদণ্ড হতে পারে এবং প্রতি অবৈধ কর্মীর জন্য ৫,০০০ ইউরো পর্যন্ত মূল জরিমানার বিধান রয়েছে। নতুন ঘোষিত ৩,৬৩৭ ইউরো জরিমানা এই শাস্তির সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
নতুন বিধিতে আরও বলা হয়েছে, যদি মালিক একাধিক অবৈধ কর্মী নিয়োগ করেন, বিশেষ করে তিনজনের বেশি, অপ্রাপ্তবয়স্কদের কাজে লাগান অথবা শ্রম শোষণের সঙ্গে জড়িত থাকেন, তাহলে শাস্তি আরও কঠোর হবে। ইতালিতে এই ধরনের শ্রম শোষণ ব্যবস্থা ‘কাপোরালাতো’ নামে পরিচিত, যা দমন করতে সরকার দীর্ঘদিন ধরে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
সরকারি সূত্র জানায়, বাড়তি জরিমানার অর্থ মূলত অবৈধ কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও সংশ্লিষ্ট প্রশাসনিক খরচ মেটাতে ব্যবহার করা হবে। নতুন আইন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে শোষণ বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।