১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

ইতালির সিসিলি দ্বীপের জাদুঘর থেকে চুরি হয়ে গেল চারটি মূল্যবান চিত্রকর্ম

ইতালির সিসিলি দ্বীপের জাদুঘর থেকে চুরি হয়ে গেল চারটি মূল্যবান চিত্রকর্ম

ইতালির সিসিলি দ্বীপের মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি মূল্যবান চিত্রকর্ম চুরি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে মিউজিয়াম অব মেসিনা থেকে এসব শিল্পকর্ম নিয়ে যায় দুর্বৃত্তরা।

চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে তিনটি পঞ্চদশ শতকের বিখ্যাত ইতালীয় শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর প্যানেল। অন্যটি তাঁর আঁকা ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’-র একটি দ্বিমুখী প্যানেল। ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি বলেছেন, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর আর্থিক মূল্য ‘অনেক বেশি’।

পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা জাদুঘরের নিরাপত্তাব্যবস্থা ও অ্যালার্ম এড়িয়ে ভেতরে ঢুকল এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বার্তা সংস্থা আনসার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব চিত্রকর্ম চুরি করা হয়েছে।

জাদুঘরের পরিচালক মারিসা মারকিউরো জানান, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে চুরিটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। কাঠের প্যানেলে আঁকা হওয়ায় চিত্রকর্মগুলো সহজে গুটিয়ে নেওয়া সম্ভব নয়।

সিসিলিতে জন্ম নেওয়া আন্তোনেল্লো দা মেসিনা রেনেসাঁ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী। তাঁর ‘সান গ্রেগোরিও পলিপটিক’ ১৪৭৩ সালে আঁকা হয়। আর ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’ ২০১৬ সালে ব্রিটিশ মিউজিয়ামেও প্রদর্শিত হয়েছিল।

চুরির ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে অভিহিত করেছেন মেসিনার মেয়র ফেদেরিকো বাসিলে। তিনি বলেন, এটি শহরের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের ওপর সরাসরি আঘাত।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন জাদুঘরে চুরির ঘটনায় মূল্যবান শিল্পকর্মের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর কয়েক দিন আগে ইতালির একটি জাদুঘর থেকে চুরি যাওয়া পল সেজান, পিয়ের-অগুস্ত রেনোয়া ও অঁরি মাতিসের তিনটি চিত্রকর্ম উদ্ধার করা হয়। এসব ঘটনার পর ইউরোপের জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Home R3