৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালির উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ অন্তত ৭১

ইতালির উপকূলের কাছে লিবিয়া থেকে ইউরোপ অভিমুখে যাওয়া একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৭১ জন নিখোঁজ হয়েছেন। নৌকায় মোট ১০৫ জন আরোহীর মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উদ্ধারকৃতরা জানিয়েছেন, আরও ৭১ জন সমুদ্রে হারিয়ে গেছেন। দুটি বাণিজ্যিক জাহাজ উদ্ধারকাজে অংশ নিয়েছে এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা ইতালির কোস্টগার্ডের টহল জাহাজে নিয়ে গিয়ে পরে ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।

উদ্ধারকারী সংস্থা মেডিটারেনিয়া সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে উল্টে যাওয়া কমলা নৌকার সঙ্গে প্রায় এক ডজন মানুষ ঝুলে ছিলেন।

এ বছরের খারাপ আবহাওয়া ও উত্তাল সমুদ্রভ্রমণ ইউরোপ অভিমুখী অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছরে মধ্য ভূমধ্যসাগরে অন্তত ৬৮৩ জন মারা গেছেন, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।