ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনে ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। একই সঙ্গে এসব পদক্ষেপের জন্য ইউরোপকে জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বাঘাই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষতার দাবি গ্রহণযোগ্য নয়। তার দাবি, ইরানের বিরুদ্ধে সংঘাতে ইউরোপের সম্পৃক্ততার বিষয়টি বিভিন্ন বক্তব্যে স্বীকার করা হয়েছে।
তিনি বলেন, যেসব ইউরোপীয় দেশ এই হামলায় সহযোগিতা করতে নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে, তাদের এ ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই এবং এর পরিণতি তাদের ভোগ করতে হবে।
ইসমাইল বাঘাই আরও অভিযোগ করেন, এই আগ্রাসন ছিল বিনা উস্কানিতে পরিচালিত এবং এতে অংশগ্রহণকারীদের ভূমিকা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটের মন্তব্যকে কৌশলগত অবস্থানের প্রতিফলন নয় বরং যুক্তরাষ্ট্রের প্রতি অতিরিক্ত নির্ভরতার প্রকাশ বলে উল্লেখ করেন ইরানি মুখপাত্র।
সূত্র: মেহের নিউজ।