২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আল আকসায় ইসরাইলি তাণ্ডবের নিন্দা জানাল ৮ মুসলিম দেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ ও তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ।

শুক্রবার (২৪ জুলাই) মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলের চরমপন্থী মন্ত্রীদের নেতৃত্বে এবং পুলিশের নিরাপত্তায় চার হাজার ২০০ জনেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ঘৃণা ও চরমপন্থা বাড়ায় এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।

ইহুদিদের ধর্মীয় উৎসব টিশা বি’আব উপলক্ষে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এ সময় ইসরাইলি পুলিশ মসজিদ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয় এবং কয়েকজন সাধারণ ফিলিস্তিনির ওপর হামলার অভিযোগ ওঠে।

বিবৃতিতে আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনি মর্যাদা বজায় রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি অধিকৃত জেরুজালেমসহ ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই বলে পুনর্ব্যক্ত করা হয়।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

সূত্র: আল জাজিরা

Home R3