৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে সমানভাবে ভালোবাসি। ধর্ম যার যার, দেশটা সবার।

রবিবার (৫ এপ্রিল) তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারী নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

সভায় প্রধানমন্ত্রী দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, যা পুরনো ধারণার বিপরীতে প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনৈতিক ও যোগাযোগ খাতসহ বিভিন্ন সেক্টরের অবস্থা ভঙ্গুর ছিল। তিনি ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি সংকট নিয়ন্ত্রণের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা জনকল্যাণমূলক সরকারি কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের বিশেষ সম্মানী ভাতা ইত্যাদির প্রশংসা করেন। তারা সরকারকে সহযোগিতা ও সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকারও করেন।

প্রধানমন্ত্রী খ্রিষ্টান ধর্মালম্বীদের দাবিসমূহ বিবেচনা করে দেখবেন বলে জানান। পরে ইস্টার সানডে উপলক্ষে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে ক্রেস্ট উপহার প্রদান করেন।